হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের, অনুমতি ছাড়া চলাচলকে ‘বিপজ্জনক’ ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে একমাত্র বৈধ ও অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষিত নৌপথ। নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার জন্য কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকে বলা হয়, আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো বিনা খরচে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলমান থাকায় ওই সময়ের পর কী ধরনের নীতিমালা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

এরই মধ্যে গত মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে ঘোষণা দেয়, প্রণালি পরিচালনা ও সংশ্লিষ্ট সেবার জন্য কোনো ব্যয় বা ফি নির্ধারণ করা হবে কি না, তা তারা পর্যালোচনা করছে।

অন্যদিকে, এ সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের টোল বা ফি মেনে নেবে না।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে ইরানের সাম্প্রতিক অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ