হোবার্ট হারিকেনসের হ্যাটট্রিক জয়ের ম্যাচেও দুর্দান্ত রিশাদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
প্রথমবারের মতো বিগব্যাশে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতেও তেমন খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই লেগস্পিনারের কাছে অস্ট্রেলিয়ান কন্ডিশন নতুন। তবে বোলিংয়ে বুঝতেই দিচ্ছেন না রিশাদ।
লেগস্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তিনি। সহজাত লেগস্পিনের সঙ্গে গুগলি ও জোরের ওপর স্কিড করে একের পর এক উইকেট বাগিয়ে নিয়ে হোবার্ট হারিকেনসের জয়ে অবদান রাখছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।
ঘরের মাঠ হোবার্টে মেলবোর্ন রেনেগাডসের বিপক্ষে ৪ উইকেটের জয়ের ম্যাচেও ২ উইকেট নিজের পকেটে পুরেছেন রিশাদ। ৩৪ রান খরচ করে শিকার করেছেন মোহাম্মদ রিজওয়ান ও জ্যাক ফ্রেজার-ম্যাগার্ককে।
শুধু টুর্নামেন্টের অভিষেক ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে উইকেট পাননি তিনি। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে অবশ্য সেদিনই সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন তিনি। ১৮ দিয়েছেন নিজের প্রথম ম্যাচে।
সবমিলিয়ে ৮ উইকেট নিয়ে আরো তিনজন বোলারের সঙ্গে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় ২ নম্বরে আছেন রিশাদ। ৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন মেলবোর্ন স্টারসের দুই পেসার টম কারান ও হারিস রউফ।
প্রথমে ব্যাট করে হোবার্টকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল রেনেগাডস। সেই লক্ষ্য ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। টানা হ্যাটট্রিক জয়ের ম্যাচে নিজেদের কোনো ব্যাটার ফিফটি করতে না পারলেও ম্যাথিউ ওয়েডের ৪৩ রানের ঝোড়ো ইনিংসে সহজ জয় পায় তারা। ২১৫.০০ স্ট্রাইকরেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৪ ছক্কায়।
তবে হোবার্টের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার নাথান এলিস।
আপনার মতামত লিখুন :