দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ জুন পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার একটি আদালত ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতেই আন্তর্জাতিক সহযোগিতায় তাকে আটক করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের আদেশে তাদের নামে থাকা জমি, ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাপনা ইতোমধ্যে ক্রোক বা জব্দ করা হয়েছে।
এছাড়া বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ সঞ্চয়পত্র এবং একাধিক ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায়িত্বশীল মহল জানিয়েছে।
আপনার মতামত লিখুন :