ফুটবলার হামজাকে দলে ভেড়াতে ডার্বি কাউন্টির জোর চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে ভেড়াতে জোর তৎপরতা শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। দীর্ঘদিনের ক্লাব লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি হয়েছে এই তারকা মিডফিল্ডারের।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রার এক প্রতিবেদনে হামজাকে নিয়ে ডার্বির আগ্রহের বিষয়টি উঠে এসেছে। মাঝমাঠের শক্তি বাড়াতেই লেস্টারের এই ফুটবলারের দিকে নজর দিয়েছে ক্লাবটি। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়ে শেষ করেছিল ডার্বি কাউন্টি।
তবে এখনই হামজার ডার্বিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত নয়। দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা চুক্তি হয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। হামজাকে স্থায়ী চুক্তিতে নাকি ধারে নেওয়ার চেষ্টা চলছে, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।
হামজার সঙ্গে লেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ফলে চুক্তির শেষদিকে এসে তাকে বিক্রি করে ভালো অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ রয়েছে লেস্টারের সামনে।
বর্তমানে লেস্টার সিটি ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে। অন্যদিকে ডার্বি কাউন্টি রয়েছে চ্যাম্পিয়নশিপে। ফলে ডার্বিতে যোগ দিলে হামজার আবারও ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ তৈরি হবে।
হামজার বহুমুখী সামর্থ্যও ডার্বির আগ্রহের অন্যতম কারণ। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে পারার পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।
লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা হামজা ২০১৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেক করেন। ক্যারিয়ারে ধারের চুক্তিতে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি। ধারের মেয়াদ শেষ করে গত মৌসুমে লেস্টারে ফেরেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
ডার্বি কাউন্টির আগ্রহের খবর জোরালো হলেও হামজা কিংবা লেস্টার ও ডার্বি কাউন্টির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :