আইনি জটিলতায় সায়নী গুপ্তা, পরিচালকের বিরুদ্ধে মানহানির মামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

হিন্দি টেলিভিশন, সিনেমা ও ওয়েব সিরিজের পরিচিত মুখ সায়নী গুপ্তা। অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে তাঁর। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরপরই আইনি জটিলতায় জড়িয়েছেন এই অভিনেত্রী।

সায়নী গুপ্তার পরিচালিত ‘আসমানি’ সিনেমার বিরুদ্ধে স্বত্ব লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। তাঁর দাবি, ‘আসমানি’ তাঁর অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে এবং দুই সৃষ্টিশীল কাজের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। এ নিয়ে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনেও (এসডব্লিউএ) অভিযোগ দায়ের করেছেন তিনি।

তবে বিনীতার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সায়নী। পালটা মামলায় অভিনেত্রী দাবি করেছেন, অভিযোগগুলো ‘মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর’। তাঁর অভিযোগ, এই বিতর্কের কারণে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ‘আসমানি’।

পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সায়নী। একই সঙ্গে পরিচালক বিনীতা নেগির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সায়নীর জরুরি শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনটি ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা।

এফটিআইআইয়ের সাবেক ছাত্রী বিনীতা নেগির অভিযোগ, তাঁর অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’র গল্প ও সৃষ্টিশীল উপাদান অনুসরণ করেই ‘আসমানি’ নির্মাণ করা হয়েছে। তবে সায়নীর আবেদনে কপিরাইট আইনের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, কোনো সৃষ্টিশীল কাজের সাধারণ ধারণা বা মূল ভাবনার ওপর কপিরাইট সুরক্ষা প্রযোজ্য নয়, বরং সুরক্ষিত হয় সেই ভাবনার মৌলিক প্রকাশভঙ্গি।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক নারী, একটি গাড়ি, একজন চালক কিংবা এ ধরনের সাধারণ উপাদান থাকলেই সেগুলোর ওপর কারও একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয় না।

সায়নীর দায়ের করা মামলা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে বিনীতা নেগি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেছিলেন। এরপর থেকেই ‘আসমানি’কে ঘিরে বিতর্ক শুরু হয়। এর প্রভাব পড়েছে সিনেমাটির উৎসবযাত্রাতেও।

সায়নীর অভিযোগ, বিতর্কের জেরে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে আচমকাই ‘আসমানি’ প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে এক সাক্ষাৎকারেও সিনেমাটি নকল করার অভিযোগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।

সায়নী বলেছিলেন, ‘আসমানি’ একটি মৌলিক ছবি। এত দিন তিনি এ বিষয়ে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁর সেই নীরবতাকে অভিযোগ মেনে নেওয়া হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছিলেন তিনি।

২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। পরে ২০১৬ সালে শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় অভিনেতার ম্যানেজারের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকেল ১৫’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সায়নী।

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। ‘আর্টিকেল ১৫’ সিনেমায় ‘কাহাব তু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ