স্বাধীন সাংবাদিকতায় আঘাতের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা প্রেসক্লাবের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়ার বিরুদ্ধে স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের জেরে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অভিযোগ করা হয়েছে দাবি করে এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আবেদনে বলা হয়, স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগসংবলিত সংবাদটি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্রের ভিত্তিতে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্য সুজন মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কসহ বিভিন্ন দপ্তর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর অভিযোগ উত্থাপন করেন। এতে সাংবাদিক ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

প্রেসক্লাব নেতাদের অভিযোগ, সুজন মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের প্ররোচনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে উপজেলা প্রেসক্লাবকে বিভক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। একই সঙ্গে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে অন্যের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

আবেদনে বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদনটি গ্রহণ করেছে। কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পর্যালোচনা করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ