ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আলোচনায় বিশ্বাসী : জাতিসংঘে পেজেশকিয়ান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে কখনো আত্মসমর্পণ করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি এবং সংকটের সমাধানে বরাবরই আলোচনার পথকে গুরুত্ব দিয়ে আসছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কখনো মাথা নত করবে না বা হাঁটু গেড়ে বসবে না। তবে দেশের নিরাপত্তা ও অধিকার রক্ষার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে চায় তেহরান।

হরমুজ প্রণালি নিয়েও বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বা আগ্রাসনের জন্য ব্যবহার করা যাবে না। তার ভাষ্য, সবাই হরমুজ প্রণালি থেকে সুবিধা নেবে, অথচ একই পথ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে, তা গ্রহণযোগ্য নয়।

যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ ছিল হরমুজ প্রণালি। সাম্প্রতিক সংঘাতের কারণে জলপথটি আন্তর্জাতিকভাবে বড় উদ্বেগের কেন্দ্রে পরিণত হয়েছে। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তেহরান প্রস্তুত।

‘পারমাণবিক অস্ত্র নয়, শান্তিপূর্ণ প্রযুক্তি চায় ইরান’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও জাতিসংঘে অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি নয়; বরং জ্বালানি, চিকিৎসা, খাদ্যনিরাপত্তা ও শিল্পোন্নয়নের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা।

তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ইরানের উন্নয়নের অংশ এবং এ প্রযুক্তির অধিকার থেকে তেহরান সরে যাবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ওপর সীমাবদ্ধতাও মেনে নেবে না।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ভাষণের শুরুতেই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি ইরানের জনগণকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। এ সময় তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি প্রদর্শন করেন।

পেজেশকিয়ানের বক্তব্যের শুরুতে জাতিসংঘে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায় বলে রয়টার্স জানিয়েছে।

পেজেশকিয়ানের বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় আবারও গুরুত্ব পায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ