গুলশান জোনের এডিসিসহ ডিএমপির ৪ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার একই জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে এডিসি পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা-জোনাল টিম), গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। তাঁর স্থলে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন), গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি করা হয়েছে। এই বদলি অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :