ফ্রান্সে দাবদাহে নদীতে নেমে প্রাণ গেল তরুণ ফুটবলারের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ফ্রান্সের লিওঁ শহরের রোন নদীতে ডুবে মারা গেছেন তরুণ ফরাসি ফুটবলার কেনজো কিস। দেশজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে শরীর শীতল করতে তিন বন্ধুর সঙ্গে নদীতে নামেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়।
স্থানীয় সময় সোমবার তাকে গুরুতর অবস্থায় নদী থেকে উদ্ধার করেন জরুরি সেবা কর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেনজো কিস ফরাসি লিগ টুয়ের ক্লাব গুইনগাম্প-এর হয়ে খেলতেন।
বিবিসি-এর প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই গরমে শীতল হতে নদীতে নেমে নিখোঁজ হন কিস ও তার বন্ধুরা। পরে উদ্ধারকারীরা তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও কিস পানির তলদেশে তলিয়ে যান। সর্বশেষ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
জানা গেছে, দুর্ঘটনাস্থল পার্ক দে লা ফেইসিন এলাকায় তীব্র স্রোতের কারণে সাঁতার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ওই নিষিদ্ধ অংশেই নামার পর প্রবল স্রোতের মুখে পড়েন কিস ও তার বন্ধুরা।
এ সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানান, তীব্র দাবদাহে শরীর শীতল করতে নদী ও জলাশয়ে নেমে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছর গুইনগাম্পে যোগ দেওয়ার আগে কেনজো কিস লিওঁ ও সাঁ-এতিয়েন-এর যুব দলে খেলেছেন। তার আকস্মিক মৃত্যুতে গুইনগাম্প ও সাঁ-এতিয়েন ক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :