বিশ্ব নাট্যদিবস উপলক্ষে মুরারিচাঁদ কলেজে বর্ণাঢ্য আয়োজন, পথনাটকে উঠে এলো সামাজিক বার্তা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
বিশ্ব নাট্যদিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পথনাটক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার মুরারিচাঁদ-এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আকমল হোসেন। এছাড়াও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর জামাল উদ্দিনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্যাটায়ারধর্মী পথনাটক “শয়তানের পাঠশালা”। আধুনিক ভোগবাদী সমাজ, প্রযুক্তির অপব্যবহার, রিলসের আসক্তি এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রূপকের মাধ্যমে ব্যঙ্গাত্মক বার্তা তুলে ধরে নাটকটি দর্শকদের প্রশংসা কুড়ায়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিক প্রধান।
নাটকের পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নাটক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তরুণদের ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত রাখতে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি প্রতীক বাবু সিংহ ও সাধারণ সম্পাদক অনিক প্রধান।
আপনার মতামত লিখুন :