বান্দরবানের রৌনিনপাড়ায় অসুস্থ শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বমের পাঁচ বছর বয়সী ছেলের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মানবিক এই উদ্যোগে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
গত ৩ জুন ২০২৬ তারিখে লাল খম লিয়ান বম তার ছেলের চোখের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে উপস্থিত হন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে গুরুতর চোখের সমস্যায় ভুগছিল এবং দ্রুত চিকিৎসা না হলে যেকোনো সময় শিশুটির দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। ছয় সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সীমিত আয়ের মাধ্যমে ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
আবেদনের পরিপ্রেক্ষিতে রৌনিনপাড়া আর্মি ক্যাম্প দ্রুত উদ্যোগ গ্রহণ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপে শিশুটির চোখ বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পায়।
সন্তানের চিকিৎসা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক সেবায় কাজ করে যাচ্ছে। চিকিৎসা সহায়তা, শিক্ষা কার্যক্রম, খাদ্য ও ত্রাণ বিতরণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে।
আপনার মতামত লিখুন :