সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগো ও লস এঞ্জেলেসসহ বেশ কয়েকটি শহর থেকে ন্যাশনাল গার্ডের সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রেসিডেন্টের সেনাবাহিনী ব্যবহার করার ক্ষমতা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত এসেছে।
ট্রাম্প ৩১ ডিসেম্বর বুধবার তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, যখন অপরাধ বাড়তে শুরু করবে আমরা আবার ফিরে আসব, সম্ভবত আরো শক্তিশালী এবং ভিন্নভাবে।
এর আগে লস এঞ্জেলেসে সেনাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য করা ট্রাম্পের একটি আইনি আবেদন প্রত্যাহার করেন আদালত। গত সপ্তাহে শিকাগোতে একই ধরনের রায়ের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের বক্তব্যে পোর্টল্যান্ড, অরেগন উল্লেখ করলেও, ওয়াশিংটন ডিসি সম্পর্কে কিছু বলা হয়নি। রাজধানীতে সেনারা এখনো টহল দিচ্ছে। সাধারণত ন্যাশনাল গার্ডের সদস্যরা গভর্নরের অধীনে থাকলেও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে নিজেই সেনা মোতায়েন করেন ট্রাম্প। এতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি মামলার জন্ম হয়, যেগুলো ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে।
শিকাগো এবং পোর্টল্যান্ডে কয়েক শত সেনা পাঠানো হয়েছিল, তবে আইনি বিরোধ চলমান থাকায় তারা শহরের সড়কগুলোতে টহল দিতে যাননি। ট্রাম্প দাবি করেছেন, অপরাধ দমন এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সেনাদের প্রয়োজন।
কিন্তু সমালোচকরা মন্তব্য করেন, এটি অপ্রয়োজনীয় ‘স্বৈরাচারী’ পদক্ষেপ এবং গণতন্ত্রের জন্য হুমকি।
সূত্র : বিবিসি
আপনার মতামত লিখুন :