বিশ্বকাপে স্পেনের কাছে হেরে পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ড্যালাসে স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবার্তো মার্তিনেজ। তার বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল ফুটবলে একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হারের কয়েক ঘণ্টার মধ্যেই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৫২ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে মার্তিনেজ বলেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তিনি পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দলের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, “পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু আমরা সেটা জিততে পারিনি, তাই এখানে আমার আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই আমার শেষ।”
সাড়ে তিন বছরের বেশি সময় পর্তুগালের ডাগআউটে থাকা মার্তিনেজ জানান, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে। তবে নিজের মেয়াদকে ব্যর্থ বলতে নারাজ তিনি।
মার্তিনেজ বলেন, পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের কাছে হেরেছে এবং মাঠে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় এই পথচলার এখানেই শেষ হওয়া উচিত।
২০২৪ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জয় ছিল মার্তিনেজের অধীনে পর্তুগালের সবচেয়ে বড় সাফল্য। পাশাপাশি তার সময়েই ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে ২৩৩ ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন।
মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের নতুন কোচ কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, সৌদি ক্লাব আল-নাসরের কোচ হোর্হে জেসুস পর্তুগালের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন।
আপনার মতামত লিখুন :