পবিত্র আশুরা, কৃতজ্ঞতা ও শোকের মহিমায় পালিত হচ্ছে ১০ মহররম


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলাম ডেস্ক :

আজ শুক্রবার পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে দিনটি একদিকে কৃতজ্ঞতা ও আনন্দের স্মৃতি বহন করে, অন্যদিকে শোক ও আত্মত্যাগের চিরন্তন বার্তা তুলে ধরে। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। আশুরা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

‘আশুরা’ শব্দের অর্থ দশম। মহররম মাসের দশম দিনে পালিত হওয়ায় এই দিনের নাম আশুরা। হাদিস শরিফ অনুযায়ী, এই দিনে হজরত মুসা (আ.) ও তাঁর অনুসারীরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পান। এ মহান ঘটনার স্মরণে শুকরিয়াস্বরূপ আশুরার দিনে রোজা রাখার প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। ইহুদিদের প্রথার সঙ্গে সাদৃশ্য এড়াতে রাসুলুল্লাহ (সা.) আশুরার আগের বা পরের দিনসহ আরও একটি রোজা পালনের নির্দেশ দেন।

সহিহ বুখারিতে বর্ণিত এক হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। কারণ জানতে চাইলে তারা বলেন, এই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুসা (আ.)-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী।’ এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবাদেরও তা পালনের নির্দেশ দেন।

ইতিহাসের আরেক নির্মম অধ্যায়ে, ৬১ হিজরির এই দিনেই কারবালা প্রান্তরে মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীরা শাহাদাতবরণ করেন। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে কারবালার এই ঘটনা।

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, পবিত্র আশুরার শাশ্বত শিক্ষা মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে এবং সত্য ও আলোর পথে চলার দিকনির্দেশনা দেয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ইসলামে বিভেদ, হানাহানি ও বিদ্বেষের কোনো স্থান নেই। তিনি আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিদের অনেকে ৯ ও ১০ মহররম নফল রোজা পালন করেছেন। শিয়া সম্প্রদায় কারবালার শোকাবহ ঘটনার স্মরণে তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আশুরা ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নির্দেশনা জারি করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ