সিলেটে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেট সংবাদদাতা :
সিলেট নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর এক ছেলে ফ্রান্সে বসবাস করেন।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রোববার রাতে এলাকার এক ব্যক্তি এসে তাঁকে জানান, তাঁর বাবাকে কয়েকজন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় শাহাব উদ্দিনের ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :