নতুন শিক্ষাক্রমে খেলাধুলা ও আনন্দভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষা ডেস্ক :
বিএনপি জোট সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্রমকে আরও আনন্দময় ও আধুনিক করার নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন করে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এই বিষয়ের আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে, দাবা, সাঁতার এবং অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত থাকবে। তবে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরীক্ষা থাকবে না, বরং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাঙ্গনকে আনন্দময় করতে স্টোরি টেলিং ভিত্তিক শিক্ষা ও খেলার মাধ্যমে শেখার (লার্নিং থ্রু প্লে) ধারণা যুক্ত করে কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।
এনসিটিবি জানিয়েছে, শিক্ষাকে আরও আকর্ষণীয় করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণিতে এই বইটি অন্তর্ভুক্ত হবে এবং ধাপে ধাপে ৯ম শ্রেণি পর্যন্ত এটি চালু করা হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সংমিশ্রণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
শিক্ষা গবেষকরা মনে করছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং অবকাঠামো প্রস্তুত করা অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কারিকুলাম বাস্তবায়নের আগে সময় নিয়ে শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামো প্রস্তুত করা প্রয়োজন, যাতে তা কার্যকরভাবে প্রয়োগ করা যায়।
এদিকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটি পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :