চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন দুই খাল পুনঃখনন কাজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
আপনার মতামত লিখুন :