সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
আলী হোসেন ফকির বলেন, ‘বাংলাদেশ পুলিশে এক শতাংশের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে।’
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট নিয়েও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, কিছু হলুদ সাংবাদিক সরকারকে চাপে ফেলতে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। একইভাবে কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদেরও চিহ্নিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ঘটেছে। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে বেশি প্রচারিত হচ্ছে। বাংলাদেশ পুলিশ বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে।
এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আইজিপি আলী হোসেন ফকির। সেখানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিষয়ে তিনি বলেন, একাধিকবার গ্রেপ্তার করা হলেও আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে তাদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।
আইজিপি আরও বলেন, দেশে বিশেষ করে রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত লিখুন :