টানা বৃষ্টিতে হোসেনপুরে সড়কের বেহাল দশা, তাৎক্ষণিক পরিদর্শনে ইউএনও
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ডাকবাংলো সড়কে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এছাড়া পৌর এলাকার দ্বিপেশ্বরে পাঠান বাড়ি সংলগ্ন সড়কে পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এমন অবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবার যানবাহন চলাচলে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা জানান, খবর পাওয়ার পর তিনি পৌর এলাকার দ্বিপেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক এবং টানা বর্ষণে ভেঙে যাওয়া অংশগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে এবং অল্প সময়ের মধ্যেই এলাকাবাসী এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :