একদিনে হাইকোর্টে নিষ্পত্তি ২,৪১১ পুরাতন মামলা, বিশেষ কার্যক্রমে গতি বিচার ব্যবস্থায়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এর ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় একদিনেই রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) মাত্র এক কার্যদিবসে মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলার নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৭৫৬টি পুরাতন রিট মামলার শুনানি শেষে নিষ্পত্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ছয় কার্যদিবসে মোট ২৬ হাজার ৫৬০টি পুরাতন মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ হাজার ৮৩৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরাতন রিট মামলা।
সুপ্রিম কোর্ট জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, দীর্ঘদিনের মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :