লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরের কৌশলগত নৌপথে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করাই এ জোটের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ জোট গঠনের ঘোষণা দেয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ ও তেল স্থাপনায় হামলার দাবি করার পরপরই এই প্রতিরক্ষা জোট গঠনের পদক্ষেপ নেওয়া হলো।
বাব আল-মান্দাব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই নৌপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হচ্ছে। ফলে এ রুটের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, জোটের সদস্য দেশগুলো হলো সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।
বিবৃতিতে আরও বলা হয়, জোটটি নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা এবং কৌশলগত নৌপথে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করবে।
এদিকে, জোট গঠন নিয়ে রিয়াদে আয়োজিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়। ইতোমধ্যে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিয়েছে এবং আরও কয়েকটি দেশ যোগদানের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :