লক্ষ্মীপুরে জরাজীর্ণ ভবনে পাঠদান, ঝুঁকির মুখে চরাঞ্চলের শতাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: হাসান হাওলাদার, কমলনগর উপজেলা প্রতিনিধ :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্য চর ফলকন এলাকার মধ্য চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর মূল ভবনটি এখন কার্যত একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও সেখানেই প্রতিদিন পাঠদান চলছে। এতে প্রায় ১২০ জন কোমলমতি শিক্ষার্থী চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
লড়বড়ে ভবনের বেহাল দশা
সরেজমিনে দেখা গেছে, ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে বড় বড় ফাটল, পিলারে বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে, আর সামান্য বাতাস বা কম্পনেই দুলে ওঠে পুরো ভবন। প্রায় ৩০ বছরের পুরোনো এই ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর অবস্থা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই ঝুঁকি নিয়ে আমরা প্রতিদিন মানসিক চাপে থাকি। নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই এই অবস্থায় ক্লাস চালাতে হচ্ছে।”
আতঙ্কে অভিভাবকরা
সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে আছেন অভিভাবকরা। একজন অভিভাবক জানান, “প্রতিদিন স্কুলে পাঠিয়ে ভয় নিয়ে থাকি। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে একসঙ্গে অনেক শিশুর প্রাণহানি হতে পারে। দ্রুত নতুন ভবন নির্মাণ ছাড়া আমাদের আর কোনো দাবি নেই।”
দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, চরাঞ্চলের এই বিদ্যালয়টি আশপাশের তিন থেকে চারটি গ্রামের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধায় পড়ছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :