বরগুনায় ফল মেলার সঙ্গে কৃষি পুনর্বাসন কর্মসূচি, কৃষকদের নতুন আশাবাদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রোববার (২৮ জুন) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেন, দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং ফল সংরক্ষণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আগ্রহী হতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, বরগুনার প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, কৃষি ও ফল উৎপাদনের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ রবীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা। তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ এবং ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর ফল ভোগে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়তা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুধীজন ও কৃষকরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় নানা জাতের মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবা ও কার্যক্রম প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফল চাষ, সংরক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

আয়োজকরা জানান, এ ধরনের ফল মেলা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে টেকসই কৃষি উন্নয়নে সরকারের উদ্যোগ আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ