টানা উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, দোহায় বৈঠকের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
টানা তিন দিনের চরম উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বৈঠকে সব ইস্যু নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা হবে। আপাতত উভয় পক্ষই সামরিক হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হবে।
এর আগে রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই ঘটনার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, রোববার তারা আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতির পর শনিবারও একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। ইরানের দাবি, বৃহত্তর সমঝোতা কার্যকর করতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করা জরুরি।
এরও আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার কয়েক ঘণ্টা পর তারা ইরানে পাল্টা হামলা চালায়। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ সংঘাতের বেশিরভাগ সময় কার্যত বন্ধ ছিল।
উল্লেখ্য, ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির মূল লক্ষ্য ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত থামানো এবং আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন জটিল ইস্যুর সমাধান খোঁজা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাও এই চুক্তির অন্যতম উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :