র‍্যাবের জায়গায় আসছে এসআরবি, খসড়া আইনে নতুন কাঠামো


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়। আইনটি চূড়ান্ত করার আগে এ বিষয়ে সর্বসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুসংহত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার লক্ষ্যে দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীনে গঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। একই সঙ্গে ইউনিটটির নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কেও আইনি বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে এসআরবির জন্য সরকার নির্ধারিত পৃথক লোগো, পতাকা ও ইউনিফর্ম রাখার কথা বলা হয়েছে। বাহিনীর প্রধান হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। এর সদর দপ্তর ঢাকায় থাকলেও দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এসআরবি গঠন করা যাবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারিত শর্তে সদস্যদের প্রেষণে বা অস্থায়ীভাবে সংযুক্ত করার সুযোগ থাকবে। প্রেষণে নিয়োগের ন্যূনতম মেয়াদ দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনমত সংগ্রহের পর প্রয়োজনীয় সংশোধন করে আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি জাতীয় সংসদে উত্থাপন করা হতে পারে।

উল্লেখ্য, ২০০৪ সালে শীর্ষ সন্ত্রাসী, দাগী অপরাধী ও জঙ্গি দমনের উদ্দেশ্যে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠন করা হয়েছিল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ