বুশেহরে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, ফের বাড়ছে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই বুশেহর এলাকায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। বুশেহর ইরানের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, যেখানে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এদিকে, এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও পাওয়া গেছে। একই সময় যুক্তরাষ্ট্র-এর একাধিক গণমাধ্যম দাবি করে, রাতে ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়, যেটিকে ওয়াশিংটন আঞ্চলিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, তারা বৃহস্পতিবার সকালে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক আঘাত হানা হয়েছে।
পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :