ওয়ানডে দলে ফের মিরাজ, এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন শেখ মেহেদী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় মাঠের বাইরে চলে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। চিকিৎসকদের ছাড়পত্র না মেলায় সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলে ডাকা হয় শেখ মেহেদীকে।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে সুযোগ পেলেও সেটি স্থায়ী করতে পারেননি শেখ মেহেদী। ২০২৩ সালের পর ওয়ানডে দলে ফিরে ওই ম্যাচে তিনি নেন ৩৭ রানে ১ উইকেট, ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। তিন বছর পর ফেরা হলেও এক ম্যাচ খেলেই আবার বাদ পড়তে হয়েছে তাকে।
চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় জিম্বাবুয়ে সফরে আবারও অধিনায়ক হিসেবে যাচ্ছেন মিরাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি শেখ মেহেদীকে। সিরিজ শুরুর আগে এ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। ৪৮ রানে মাঠ ছাড়লেও পরে ব্যাটিংয়ে ফিরে ফিফটি পূরণ করেন লিটন। তবে চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ২৮ জুন। এরপর ৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৫ জুলাই থেকে।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আপনার মতামত লিখুন :