রাজধানীতে নিরাপত্তার চাদরে ৫ আগস্ট, প্রস্তুত কুইক রেসপন্স টিম : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানীর প্রতিটি প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে।
এছাড়া প্রধান প্রধান অনুষ্ঠানস্থল এবং ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। এসব স্থানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
যেসব এলাকায় মানুষের সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সমন্বিতভাবে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডি-এর গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে মাঠে থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত ডিএমপি সদস্যদের পাশাপাশি র্যাব ও সিআইডি যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবে।
ডিএমপি জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে তদারকির জন্য সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে অবস্থান করবেন এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :