বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, গুলশানের বাসায় নতুন ঠিকানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ (রোববার) বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবনে উঠবেন তিনি। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
জানা গেছে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি বঙ্গভবনেই অবস্থান করছিলেন। বিদায়ের আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য ও বিদায়ী বৈঠকও করেন তিনি।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের ফলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, দায়িত্ব গ্রহণের পরও হাফিজ উদ্দিন আহমদ স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। তবে ওই বাসভবনে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) তত্ত্বাবধানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ সরকারি বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই রাষ্ট্রীয় দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। এর মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
আপনার মতামত লিখুন :