ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করলেন পর্তুগিজ মিডফিল্ডার। শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে বিষয়টি জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস।
এর আগে চলতি মাসেই ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন ফার্নান্দেজ।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শেষ ম্যাচে নিজের ২০তম অ্যাসিস্ট করে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসান তিনি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা ৩৭ ম্যাচে ৮টি। তার নেতৃত্বে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে।
এছাড়া পুরো মৌসুমে সবচেয়ে বেশি সুযোগ তৈরির দিক থেকেও শীর্ষে ছিলেন ব্রুনো। তার তৈরি করা সুযোগের সংখ্যা ১৩২, যা দ্বিতীয় স্থানে থাকা ডমিনিক সোবোসলাইয়ের চেয়ে ৪৩টি বেশি।
২০১১ সালে নেমানিয়া ভিদিচের পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন ব্রুনো ফার্নান্দেজ।
ভক্তদের ভোট ও ফুটবল বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয়। মৌসুম শেষে আগামীকাল রোববার ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
আপনার মতামত লিখুন :