মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১টি বোট জব্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জয় মহাজন, কক্সবাজার :
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১টি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৫ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ২টার সময় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার থানাধীন লাবণী বীচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট, ৫০ বস্তা ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :