সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক গুলজার আহমদের মৃত্যু, এলাকায় ফের শোক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রায়হান আহমদ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

একই এলাকার প্রবাসী তরুণ পারভেজের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরেক যুবক গুলজার আহমদ। অল্প সময়ের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।

জানা গেছে, গুলজার আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব কসকনকপুর গ্রামের লস্কর বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মরহুম কাজী কমর উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র। জীবিকার তাগিদে ও পরিবারের স্বচ্ছলতার আশায় তিনি প্রবাসে গিয়ে কাজ করছিলেন। কিন্তু আজ সৌদি আরব–এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গুলজারের পিতা কাজী কমর উদ্দিনও প্রায় এক থেকে দেড় বছর আগে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রবাসজীবন বেছে নিয়েছিলেন গুলজার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনিও একইভাবে দুর্ঘটনায় প্রাণ হারালেন।

একই এলাকার দুই প্রবাসী তরুণের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পারভেজের দাফনের শোক না কাটতেই গুলজারের মৃত্যুসংবাদ পুরো এলাকায় শোকের আবহ আরও ভারী করে তুলেছে।

মরহুম গুলজার আহমদের মৃত্যুতে স্থানীয়ভাবে শোকসভা ও দোয়ার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তাআলা মরহুম গুলজার আহমদকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ