দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না : আবু নাসের রহমতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের বিষয়টি সকলেই অবগত রয়েছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে কোন অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই দায় দল নিবে না। দলের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মো: রহমতুল্লাহ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজিত "মিট দ্য রিপোর্টার্স" অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশের সকল বিএনপি নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখছেন তারেক রহমান। তাছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত দেশে বসবাস করায় সেই দেশের নানা নিয়ম ও কার্যক্রম কিভাবে দেশে চালু করা যায় বিষয়গুলো নিয়ে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আসছেন।
এই নেতা বলেন, গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে বলেন জাতীয় নির্বাচনে দল যদি কোন আসনে মনোনীত করে তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করবেন। কারণ জননেতা হয়ে জনগনের জন্য সহজে জনসেবামূলক নানা কার্যক্রম করা যায়।
বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, নজরুল বিশ্বাস, যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ মো. নূরুজ্জামানসহ সংগঠনের সদস্য এবং স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সব শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :