সাব্বির-রুবেলকে নিয়ে আশাবাদী হাবিবুল, জাতীয় দলের দরজা খোলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

সেমিফাইনালে জিতলেই টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশ এইচপির। তবে শেষ ওভারের রোমাঞ্চে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশের কাছে ১ উইকেটে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন মোহাম্মদ রুবেল ও সাব্বির রহমান।

টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত ছিলেন অফস্পিনার মোহাম্মদ রুবেল। ৭ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে আসরটির সেরা বোলার হয়েছেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সাব্বির রহমান। ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৮৪ রান।

দুজনের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তারা আছেন কি না। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

টি-টোয়েন্টি দলে সাব্বিরকে নিয়ে ভাবনা আছে জানিয়ে হাবিবুল বলেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছে। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে।’

তিনি আরও বলেন, ‘রুবেলের মতো ও একেবারে চিন্তাভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা বলেও জানিয়েছেন হাবিবুল। তাঁর মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সাব্বিরকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছে।

হাবিবুল বলেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’

অন্যদিকে মোহাম্মদ রুবেলের পারফরম্যান্সও নির্বাচকদের নজর কেড়েছে। এশিয়ান গেমসে তাঁকে সুযোগ না পাওয়ার কারণ ব্যাখ্যা করে হাবিবুল জানান, নির্ধারিত সময়ের আগেই দল ঘোষণা করতে হওয়ায় রুবেলকে তখন বিবেচনায় নেওয়ার সুযোগ ছিল না।

হাবিবুল বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে ৩০ জনের দল দিতে হয়, সেটা দিতে হয়েছে তিন মাস আগে। গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না।’

রুবেলের বর্তমান পারফরম্যান্সের প্রশংসা করে প্রধান নির্বাচক বলেন, ‘যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফরম্যান্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’

বাংলাদেশ এইচপি ফাইনালে উঠতে না পারলেও টপ এন্ড টি-টোয়েন্টিতে রুবেল ও সাব্বিরের পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। সামনে ব্যস্ত সূচি থাকায় দুজনের জন্যই জাতীয় দলের দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন হাবিবুল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ