রিয়েল এস্টেটে কৃতির পরিবারে বড় সাফল্য, চার ফ্ল্যাট বিক্রিতে ১০৭ শতাংশ মুনাফা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা কৃতি শ্যানন ও তাঁর পরিবারের রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে এসেছে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য। মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় অবস্থিত চারটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে প্রায় ১০৭ শতাংশ মুনাফা অর্জন করেছেন কৃতি শ্যানন, তাঁর বোন নূপুর শ্যানন এবং মা গীতা শ্যানন।

সম্পত্তি–সংক্রান্ত নিবন্ধিত নথি অনুযায়ী, জনপ্রিয় আবাসন প্রকল্প রাহেজা ক্ল্যাসিক–এ অবস্থিত এই চারটি ফ্ল্যাট মোট ৮ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই প্রকল্পটি চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের তারকাদের পছন্দের আবাসিক এলাকা হিসেবে পরিচিত।

আন্ধেরি পশ্চিমের উন্নত যোগাযোগব্যবস্থা, মেট্রো সুবিধা, পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে এবং ফিল্ম সিটি ও বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের নিকটবর্তী অবস্থানের কারণে এ অঞ্চলের সম্পত্তির মূল্য গত কয়েক বছরে দ্রুত বেড়েছে।

ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রি হওয়া দুটি বড় ফ্ল্যাটের প্রতিটির দাম ছিল ৩ কোটি ২৩ লাখ রুপি। প্রতিটি ইউনিটের আয়তন প্রায় ৬৫৪ বর্গফুট এবং একটি করে গাড়ি পার্কিং সুবিধা রয়েছে। অন্য দুটি তুলনামূলক ছোট ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ কোটি ২১ লাখ রুপি করে।

সম্পত্তির রেকর্ড অনুযায়ী, ২০১৩ সালে গীতা শ্যানন দুটি ফ্ল্যাট কিনেছিলেন মোট ১ কোটি ৪০ লাখ রুপিতে। পরে ২০১৭ সালে কৃতি ও নূপুর শ্যানন আরও দুটি ইউনিট কেনেন ২ কোটি ৯০ লাখ রুপিতে। সব মিলিয়ে চারটি ফ্ল্যাট কিনতে পরিবারের মোট বিনিয়োগ ছিল প্রায় ৪ কোটি ৩১ লাখ রুপি। বর্তমানে ৮ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রির ফলে অতিরিক্ত আয় হয়েছে প্রায় ৪ কোটি ৬০ লাখ রুপি।

চারটি ফ্ল্যাটের নতুন মালিক হয়েছেন ভারতের পরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি বলিউডে বহু নতুন শিল্পীকে পরিচিত করার পাশাপাশি ২০২০ সালে ‘দিল বেচারা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন।

২০১৪ সালে বলিউডে অভিষেকের পর কৃতি শ্যানন অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। অন্যদিকে নূপুর শ্যানন অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ