বিশ্বকাপের প্রস্তুতিতে আর্জেন্টিনার ছাঁটাই, ৫৫ থেকে ৩৫ জনে স্কোয়াড
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। প্রধান কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার আগে ধাপে ধাপে এই কাটছাঁট প্রক্রিয়া চালানো হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল-এর বরাতে মার্কা জানায়, ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতোমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের বিষয়ে অবহিত করা হয়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকা সব ফুটবলারকে এখনই আর্জেন্টিনায় ডাকা হচ্ছে না।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় নির্ধারিত হয়েছে আগামী ৩০ মে। তার আগেই স্কালোনি নিজের শেষ সিদ্ধান্তে পৌঁছাবেন বলে জানা গেছে।
দলের নেতৃত্বে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। তবে স্কোয়াডে জায়গা করে নিতে তরুণ ও পরীক্ষাধীন কয়েকজন ফুটবলারের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এরই মধ্যে কয়েকজন পরিচিত নাম প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছেন।
চোট কিংবা ফর্মের কারণে বিশ্বকাপ ভাবনায় নেই পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, হুয়ান ফয়থ ও আনহেল কোরেয়া। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় দলে নেই ফ্রাঙ্কো আরমানি ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা রক্ষার অভিযান। এরপর গ্রুপ পর্বে প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ড-এর।
আপনার মতামত লিখুন :