রোগীদের বেসরকারি ডায়াগনস্টিকে পাঠিয়ে অনৈতিক বাণিজ্য বন্ধের নির্দেশ হুইপ নাজামের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
সরকারি হাসপাতালের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে অনৈতিক বাণিজ্য বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. শফিউল আলম চৌধুরী নাজাম।
জানা গেছে, রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের পক্ষ থেকে আধুনিক যন্ত্রপাতি ও পূর্ণাঙ্গ ল্যাবরেটরি সুবিধা স্থাপন করা হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষ যেন হাসপাতাল থেকেই বিনামূল্যে বা স্বল্প খরচে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন।
তবে অভিযোগ রয়েছে, হাসপাতালের একটি অসাধু চক্র পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের ইচ্ছাকৃতভাবে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করছে। এতে একদিকে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারের বিনিয়োগও কার্যত কাজে আসছে না।
বিষয়টি জানার পর হুইপ নাজাম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রোগীদের হয়রানি ও সরকারি সম্পদের অপব্যবহার বন্ধে তিনি রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা দুই ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত চিঠি পাঠান।
চিঠিতে তিনি দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালের সব ল্যাবরেটরি সচল রাখা, চিকিৎসক ও টেকনিশিয়ানদের মাধ্যমে নিয়মিত পরীক্ষা নিশ্চিত করা এবং রোগীদের জোরপূর্বক বাইরে পাঠানোর প্রবণতা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
হুইপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রামগতি ও কমলনগরের সাধারণ মানুষ। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সিন্ডিকেট বন্ধ হলে গরিব ও অসহায় মানুষ প্রকৃত অর্থেই সরকারি স্বাস্থ্যসেবার সুফল পাবেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চিঠি পাওয়ার পর উভয় উপজেলায় তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :