জনগণই আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচি শেষে এক সমাবেশে তিনি দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানান।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণই রাজনৈতিক শক্তির মূল উৎস এবং জনগণের সমর্থন থাকলে দেশ গড়ার কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, “আজ থেকে আমাদের কাজ হবে একটাই—দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, এমন পরিকল্পনা নিতে চাই যা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”
খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন অত্যন্ত জরুরি। খাল পুনঃখনন হলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন যে, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দীর্ঘ ৪৮ বছর পর সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বক্তব্যে তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “দেশ গড়ার কাজে আপনারা আমার সঙ্গে আছেন কি না?” এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা হাত নেড়ে সমর্থন জানান।
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে খোর্দ্দ খাল পুনঃখননস্থলে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে খালের তীরে নেমে প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্যসচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সহসভাপতি আবু ইউসুফ রুপমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :