লামায় কলেজের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি, মানববন্ধনে শিক্ষার্থী-শিক্ষকরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মুহাম্মাদ আলমগীর :

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর জমি দখলমুক্ত, অভিযুক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে কলেজের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, গত মার্চ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের দখলকৃত জমি উদ্ধারের বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বান্দরবানের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজের জমি জবরদখল করে রাখা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, দখলকৃত দুই একর জমি অবিলম্বে উচ্ছেদ করে কলেজের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া, অভিযুক্ত ভূমিদস্যু মো. সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে গ্রেপ্তার, উদ্ধারকৃত জমিতে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ, আন্দোলনে বাধাদানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং দখল প্রতিরোধে ব্যর্থতার বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জবাবদিহি নিশ্চিত করা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া, ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা, অধ্যক্ষকে অবরুদ্ধ করা, লামা-চকরিয়া মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ এবং প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

তারা বলেন, এ আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়; এটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ