মির্জাপুরে আর্ন এন লিভ ফাউন্ডেশনের অর্থায়নে নতুন মসজিদের উদ্বোধন, এলাকাজুড়ে আনন্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা এলাকায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন লিভ ফাউন্ডেশন-এর অর্থায়নে নির্মিত একটি নতুন দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৫ তারিখে আয়োজিত এই উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ হওয়ায় পুরো এলাকায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রায় ১০ ডেসিমিল জমির ওপর নির্মিত ২ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ৪০ লাখ টাকা। আধুনিক নকশা ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শাহাজাহান মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আরাফাত রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন শাহ আল মাসুদ রানা, শাহ আল মামুন, আসাদুজ্জামান রফিক ও জাহিদ অনিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তব্যে শাহ আল মাসুদ রানা বলেন, বর্তমান সময়ে অনেক মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও কিছু মানুষ এখনো সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর্ন এন লিভ ফাউন্ডেশন তার একটি উজ্জ্বল উদাহরণ। একটি মসজিদ নির্মাণ শুধু ইট-পাথরের কাজ নয়, এটি একটি স্থায়ী সওয়াবের কাজ।

শাহ আল মামুন বলেন, আগে গ্রামের মানুষকে নামাজ আদায়ের জন্য অনেক দূরে যেতে হতো। এতে বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের ভোগান্তি পোহাতে হতো। আজ এলাকাবাসীর সেই কষ্ট দূর হয়েছে। এই উদ্যোগের জন্য আমরা সংগঠনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

জাহিদ অনিক বলেন, মানবিক কাজের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।

এলাকাবাসীর মধ্যেও ছিল আনন্দের উচ্ছ্বাস। স্থানীয় মুসল্লি মকলেসুর রহমান বলেন, আমরা অনেক বছর ধরে একটি মসজিদের অপেক্ষায় ছিলাম। আগে দূরে গিয়ে নামাজ পড়তে হতো। এখন নিজের এলাকায় সুন্দর একটি মসজিদ হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, আমাদের গ্রামের মানুষের জন্য এটি বড় একটি উপহার। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এখন নামাজ আদায় অনেক সহজ হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারিদা ইয়াসমিন জেসি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি হবে মানুষের মিলনকেন্দ্র ও শান্তির প্রতীক। তিনি আরও বলেন, ভবিষ্যতে এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, অসহায় পরিবার এবং শিক্ষা সহায়তা নিয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

পরে মসজিদের খতিব মাওলানা শামসুল হকের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, আর্ন এন লিভ ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় পরিবারকে সহায়তা, মসজিদ নির্মাণ, নলকূপ স্থাপন, শিক্ষা সহায়তা, কোরবানির কার্যক্রম, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সহায়তাসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়দের প্রত্যাশা, মানবতার কল্যাণে এমন মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ