হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গুর লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াসিন হাসিব খান এবং হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলামসহ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ফুলের টব, টায়ার বা ডাবের খোসায় যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা সপ্তাহে অন্তত একদিন ‘চেকলিস্ট ডে’ পালন করে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই হোসেনপুরকে ডেঙ্গুমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :