লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, শোক ও পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লেবানন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহত শিক্ষার্থীর নাম থিওডোসিয়া জেমস কারাম। তিনি সাইদা শহরে পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাবার চালানো গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওই হামলায় থিওডোসিয়া জেমস কারাম, তার বাবা ও ভাই নিহত হন।
এই মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বৈরুতের রফিক হারিরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সাইদা অঞ্চলের সব পরীক্ষা আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তার শিক্ষাজীবনে কোনো ক্ষতি হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :