সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। একই সঙ্গে নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ূন কবির বলেন, সায়মা ওয়াজেদের নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে বাংলাদেশ মনে করে। নতুন আঞ্চলিক পরিচালকের নিয়োগে মালদ্বীপের প্রার্থীর প্রতি ঢাকার সমর্থন রয়েছে।

ব্রিফিংয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বর্তমানে সংসদীয় কমিটি পর্যালোচনা করছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহী বাংলাদেশ।

হুমায়ূন কবির বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কাজ করছে সরকার।

ভারতীয় সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং বেসামরিক মানুষ হত্যার বিষয়গুলো কূটনৈতিক চ্যানেলেই ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান হুমায়ূন কবির। এ বিষয়ে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ পুতুল। ২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন তিনি।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ