কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
কৃষ্ণসাগরে সামরিক পণ্য বহনকারী দুটি ইউক্রেনীয় জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের দাবি, জাহাজগুলোর একটি কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহন করছিল, আর অপরটিতে হামলা চালানো হয়েছে ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে।
মঙ্গলবার (২৮ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। রাশিয়ার দাবি, এসব স্থাপনা সামরিক সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওডেসা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরের উদ্দেশ্যে সামরিক পণ্য বহনকারী একটি শুকনা পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় রাশিয়া ও ইউক্রেনের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই পক্ষই একে অপরের তেলবাহী ট্যাংকার, পণ্যবাহী জাহাজ এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।
আপনার মতামত লিখুন :