বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেল ৭০ দোকান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন-এর বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকান ও ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গভীর রাতের এই দুর্ঘটনায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঘমারা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকানে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বাজারের অধিকাংশ দোকান ও ঘর কাঠ এবং বাঁশের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীরা দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পাননি।

খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লাগে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্যচিংশৈ মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে প্রায় ৭০টি দোকান ও ৭টি বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, যারা তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আব্দুল মান্নান আনসারী জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে একই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কয়েক বছরের ব্যবধানে আবারও একই ধরনের দুর্ঘটনায় পুরো বাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ