কঙ্গনা-তাপসী দ্বন্দ্বে নতুন মোড়, রহস্যময় পোস্ট তাপসীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। শনিবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘হেন্স, প্রুভড’- যার বাংলা অর্থ ‘প্রমাণিত’।
তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি তাপসী। এর আগে তাপসীর সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কটাক্ষ করেন কঙ্গনা। পরে তাপসীকে উদ্দেশ করে দেওয়া দুটি ইনস্টাগ্রাম স্টোরিই মুছে দেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তাঁর পুরোনো বিরোধ নিয়ে কথা বলেন তাপসী। তিনি জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখা হয়নি। এমনকি তাদের মধ্যে কথিত বিরোধ শুরু হওয়ার আগেও দুজনের দেখা হয়নি।
তাপসী বলেন, কঙ্গনা ও তাঁর চিন্তাভাবনা আলাদা। দুজন কীভাবে বেড়ে উঠেছেন এবং বিভিন্ন বিষয়কে কীভাবে দেখেন, সেটিও তাদের কথাবার্তায় প্রতিফলিত হয়।
তাপসীর এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কঙ্গনা। প্রথম পোস্টে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে কটাক্ষ করেন তিনি। কঙ্গনা অভিযোগ করেন, তাপসী তাঁর বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে সীমা ছাড়িয়ে গেছেন।
পরে আরেকটি পোস্টে তাপসীর মন্তব্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে তাকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, তাঁর পরিবার ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তবে কিছুক্ষণ পর দুটি পোস্টই মুছে দেন তিনি।
এরপরই তাপসীর ইনস্টাগ্রাম স্টোরিতে আসে, ‘হেন্স, প্রুভড’। কঙ্গনার নাম উল্লেখ না করলেও পোস্টটি তাঁর মন্তব্যের জবাব কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য বিরোধ অবশ্য নতুন নয়। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’ বলে মন্তব্য করেছিলেন। পরে ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগতদের নিয়ে বিতর্কের সময়ও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা যায়।
দীর্ঘদিন পর তাপসীর নতুন এই রহস্যময় পোস্ট ঘিরে কঙ্গনা-তাপসীর পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে।
আপনার মতামত লিখুন :