জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে এমপি লুনার সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী :
সিলেট জেলা পরিষদের প্রশাসক শামীম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট-২ নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তাঁর নির্বাচনী এলাকার মানুষের বিভিন্ন প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বনাথ ও ওসমানীনগরের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের কার্যকর সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদও নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, সিলেট-২ আসনের মানুষের কল্যাণ ও এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :