মিনায় অবস্থানের মধ্য দিয়ে সোমবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২৫ মে)। ভোর থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন হাজীরা। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রা সহজ ও নিরাপদ করতে রোববার রাত থেকেই হাজীরা মিনার উদ্দেশে রওনা হচ্ছেন।
শরিয়তের বিধান অনুসারে, ৮ জিলহজ হাজীরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) তারা আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন।
আরাফাতের ময়দানে এ বছর হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন। শরিয়তের দৃষ্টিতে আরাফাতে অবস্থান করাই হজের মূল স্তম্ভ।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি, মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার মাধ্যমে হাজীরা প্রাথমিক হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই হাজীরা মিনা ত্যাগ করবেন।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।
সূত্র : বাসস
আপনার মতামত লিখুন :