সুদমুক্ত বাজেট ও কওমি শিক্ষার্থীদের জন্য পৃথক বরাদ্দের দাবি সংসদে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা : 

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সুদমুক্ত বাজেট প্রণয়ন এবং কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পৃথক বাজেট বরাদ্দের জোরালো দাবি তুলেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একমাত্র এমপি মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দীর্ঘমেয়াদে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে পারে না। তাই জাতীয় বাজেটকে ধাপে ধাপে সুদমুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সুদের সামাজিক ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বিকল্প অর্থনৈতিক কাঠামো বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে তিনি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। তার ভাষায়, দেশের লক্ষাধিক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলেও জাতীয় শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এছাড়া নিজ নির্বাচনী এলাকা বরগুনার বিভিন্ন জনসেবামূলক সমস্যাও সংসদে তুলে ধরেন এমপি অলিউল্লাহ। বরগুনা সদর হাসপাতাল, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগের দাবি জানান।

সংসদে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরগুনাসহ বিভিন্ন এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, জাতীয় সংসদে স্থানীয় সমস্যা ও ধর্মীয় শিক্ষাবিষয়ক দাবি স্পষ্টভাবে তুলে ধরে তিনি তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকরাও মনে করছেন, সংসদে একজন মাত্র প্রতিনিধি থাকা সত্ত্বেও জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ধারাবাহিকভাবে উত্থাপন করে দলের অবস্থান তুলে ধরছেন তিনি। সুদমুক্ত বাজেট, কওমি মাদ্রাসায় বরাদ্দ এবং বরগুনার স্বাস্থ্যখাতের সংকট তুলে ধরায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ