মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড বরদাশত নয় : তথ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তবে মোবাইল জার্নালিজমের নামে কোনো ধরনের অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিল-কে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু, মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানা-এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তন, ডিজিটাল সম্প্রচার এবং অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারের প্রেক্ষাপটে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও পরিমার্জনের বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সদস্য আরিফা সুলতানা-এর প্রশ্নের জবাবে তিনি জানান, পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের দ্রুত বিকাশের সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি পর্যালোচনায় রয়েছে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী-এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৬টি দৈনিক, ১ হাজার ২৩১টি সাপ্তাহিক, ৪৫২টি মাসিক, ২১৫টি পাক্ষিক এবং ৫৪টি অন্যান্য শ্রেণির পত্রিকা।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুণ রায় চৌধুরী-এর প্রশ্নের জবাবে খন্দকার আবদুল মুক্তাদির জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে দেশে ৮৪টি শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে। এসব শিল্পনগরীতে ১৩ হাজার ৩৬৪টি শিল্পপ্লটের মধ্যে ১১ হাজার ৬৮৭টি বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে বর্তমানে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ